প্রতিদিনের প্রতিবেদক : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্তবাসে এক ছাত্রীকে রাতভর গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাসের চালক, হেলপারসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া আন্ডারপাস এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- বাসের চালক মো. আলতাফ (২৫), হেলপার মো. সাগর (২৪), এবং চালকের সহযোগী মো. রাব্বি (২১)।
এ ব্যাপারে এলেঙ্গা হাইওয়ে থানার ওসি মো. শরীফ বলেন, বুধবার রাত সাড়ে ১১ টার দিকে মিরপুর সরকারি বাংলা কলেজে দর্শন বিভাগের ছাত্রী ভিকটিম (২৬) ঢাকার রেডিওকলোনী থেকে আশুলিয়া যাবার জন্য সাভার পরিবহনে উঠেন। বাসে তখন ২ জন যাত্রী ছিলেন। পরে যাত্রীরা নামার পর এই কলেজ ছাত্রীকে জোর করে আটকে রেখে সাথে থাকা স্বর্ণালঙ্কার, টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। পরে বাসটি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে ওই নারীকে রাতভর গণধর্ষন করে ও তারা ভিডিও ধারণ করে। পরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঢাকা গামী লেনের করটিয়া আন্ডার পাস এলাকায় মহাসড়কের উপর সন্দেহজনক অবস্থায় দাড়ালে হাইওয়ে পুলিশ বাসটিকে আটক করে জিজ্ঞাসাবাদে ঘটনা জানতে পারে।
তিনি আরো বলেন, এঘটনায় আমরা টাঙ্গাইল সদর থানা পুলিশকে গ্রেপ্তারকৃত আসামী ও ভিকটমকে হস্তান্তর করা হয়েছে।
এ প্রসঙ্গে টাঙ্গাইল সদর থানার ওসি রুহুল আমিন বলেন, হাইওয়ে পুলিশ ভিকটিম ও আসামীদের আমাদের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় ওই নারী বাদি হয়ে মামলার প্রস্ততি নিচ্ছেন।
উল্লেখ্য, গত ২০ মে রাতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে আল ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নারী যাত্রীদের শ্লীলতাহানীরও ঘটনা ঘটেছিলো।