প্রতিদিনের প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে সরিষা ক্ষেত থেকে এক আইসক্রিম মিলের ডেলিভারি ম্যানের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার উপজেলার বল্লা ইউনিয়নের বল্লা বেপারীপাড়া গ্রাম থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত শাহাদাত হোসেন (৩০) একটি আইসক্রিম কোম্পানির ডিলার প্রতিষ্ঠানে ডেলিভারি ম্যান হিসেবে কর্মরত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকাল তিনি কর্মস্থলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। একই দিন বেলা প্রায় ১১টা ৪০ মিনিটে জুম্মার নামাজ আদায়ের কথা বলে মালিকের কাছে আইসক্রিমের গাড়ি জমা দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও রিং হলেও তিনি ফোন রিসিভ করেননি। দিনভর ও রাতভর আত্মীয়-স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরদিন শনিবার সকালে স্থানীয় এক নারী শাক তুলতে গিয়ে একটি সরিষা ক্ষেতে তাকে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা তাকে জীবিত মনে করে দ্রুত উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কালিহাতী থানার ওসি জে ও এম তৌফিক আজম বলেন, প্রাথমিকভাবে লাশে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ঘটনাটি রহস্যজনক হওয়ায় পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে তিনি জানান।