প্রতিদিনের প্রতিবেদক : টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের উপর হামলা, বাড়ি ঘর ভাংচুর ও মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন নব নির্বাচিত সংসদ সদস্য লুৎফর রহমান খান আজাদ। শনিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে লুৎফর রহমান খান আজাদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলাম। কিন্ত্র দল আমাকে দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত করেন। তারপরও তৃণমুলের নেতাকর্মীদের দাবির প্রতি সম্মান জানিয়ে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহন করি। আমি নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকেই আমার নেতা-কর্মীদের ওপর বিভিন্ন হুমকি, ভয়ভীতি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে আমার প্রতিদ্বন্দ্বি বিএনপি’র প্রার্থী ওবায়দুল হক নাসির। নির্বাচনকে ভিন্নখাতে প্রভাহিত করতে জনগণকে বিভ্রান্ত করতে নির্বাচনের পূর্বরাতে ভুয়া ফেইসবুক পেইজে এ আই প্রযুক্তি ব্যবহার করে আমি নির্বাচন থেকে সড়ে দাঁড়িয়েছি” বলে মিথ্যা অপপ্রচার করে। এ বিষয়টি তাৎক্ষনিকভাবে স্থানীয় প্রশাসনকে অবগত করলেও কোনো প্রকার প্রয়োজনীয় প্রদক্ষেপ নেননি। ভোটের দিন সকাল থেকেই আমার সমর্থকরা যাতে নির্বিঘ্নে ভোট দিতে না আসতে পারে সেজন্য রাস্তার মোড়ে মোড়ে বাধা সৃষ্টি করে। ভোটের দিন রসুলপুর ইউনিয়নের সরাবাড়ি কেন্দ্রে ওবায়দুল হক নাসিরের নির্দিশে হান্নান ও আব্দুল মান্নান কেন্দ্র থেকে ব্যালট পেপার ও ব্যালট বক্স ছিনিয়ে নেয়। এমতাবস্থায় আইন শৃংখলা বাহিনীর হস্তক্ষেপে ব্যালট পেপার উদ্বার করেন। একই ইউনিয়নে শালিয়াবহ জাংগালিয়া কেন্দ্রে ভোটার ও আমার কর্মী সর্মথকদের মারপিট করে। এ ছাড়া সত্তুরবাড়ি কেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে পাপিয়া ও পাপিয়ার স্বামী নুর মোহাম্মদ আটক হন। এ ছাড়া ভোটের দিন দেউলাবাড়ি ইউনিয়নের পাকুটিয়া, খিলগাতি, ঘাটাইল পৌরসভার রতনপুর মুকুল একাডেমী, ঘাটাইল সদর ইউনিয়নের করিমপুর, লোকেরপাড়ার বীরসিংহ দিঘলকান্দি ইউনিয়নের সাবুটি, দিগর ইউনিয়নের ব্রাহ্মণশাসনসহ বিভিন্ন কেন্দ্রে আমার সমর্থকদের ওপর ব্যাপক আক্রমন চালায়।
তিনি আরো বলেন, নির্বাচনের পরের দিন আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওবায়দুল হক নাসির তার নির্বাচনী অফিস ভাংচুর করে আমাদের নেতা-কর্মীদের ওপর দায় চাপিয়ে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা করছে। অথচ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মীরা আমাদের কর্মীদের বাড়ি-ঘর ও ব্যবসায় প্রতিষ্ঠানে হামলা চালায় এবং তাদের হামলায় বিভিন্ন এলাকায় আমার ১৫ থেকে ২০জন কর্মী আহত হয়ে তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
তিনি আরা বলেন, আমি বিগত ৩৭ বছর বিএনপি দলের সাথে সক্রিয় রাজনীতি করে আসছি। আমি বিএনপিতে আছি থাকবো।
এ সময় তার আহত নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।