প্রতিদিন প্রতিবেদক : ‘দুনিয়ার মজদুর এক হও, শ্রমিক ঐক্য জিন্দাবাদ’ এই স্লোগান নিয়ে টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে জেলা শ্রমিক ফেডারেশনের উদ্যোগে শহরের নিরালা মোড় শহীদ মিনার প্রাঙ্গনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন- টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু। জেলা শ্রমিক ফেডারেশনের আহবায়ক শ্যামল হোড়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা পরিষদের প্রশাসক এস এম ওবায়দুল হক নাসির, জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, ও জেলা শ্রমিক ফেডারেশনের যুগ্ম আহবায়ক আলী ইমাম তপন প্রমুখ।
সমাবেশ শেষে শ্রমিকরা একটি বিশাল র্যালী বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
এছাড়া জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিছিলেন জেলা প্রশাসক শরিফা হক। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্ত। স্বাগত বক্তব্য রাখেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিচালক আহমেদ বেল্লাল।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, শ্রমিক প্রতিনিধি, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে শ্রমিকদের অবদান অপরিসীম। শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তারা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সেইফটি ব্যবস্থা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
এদিকে সকালে টাঙ্গাইলের বাসাইলে মে দিবসের র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আহমেদ আযম খান।