প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল ক্লাবের নবনির্বাচিত কার্যকরী পরিষদের পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান আজাদের সভাপতিত্বে বক্তব্য ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার এবং টাঙ্গাইল জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহিন, ক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সাবেক সভাপতি খান মোহাম্মদ খালেদ ও জাফর আহমেদ।
এ সময় সাংবাদিকসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালনায় আমরা নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছি। বিএনপি সরকারের প্রতি আপনারা আস্থা রাখুন। সরকার সংবাদপত্রের স্বাধীনতার ক্ষেত্রে অত্যন্ত উদার ভূমিকা পালন করছে এবং এ ক্ষেত্রে কোনো ধরনের হস্তক্ষেপ নেই। সাংবাদিকরা স্বাধীনভাবে তাদের কাজ করতে পারবেন। দেশের উন্নয়ন ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় গণমাধ্যমের গঠনমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, গতকাল যুগান্তকারী পদক্ষেপ হিসেবে প্রান্তিক কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করেছে বিএনপি সরকার, যা তাদের অর্থনৈতিক স্বস্তি দেবে। জনগণের কল্যাণের জন্য প্রধানমন্ত্রী ইতিমধ্যে যেসব প্রতিশ্রুতি দিয়েছেন, সেই অনুযায়ী কাজ চলছে। ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। প্রান্তিক কৃষকদের সার, কীটনাশক, ওষুধ ও অন্যান্য কৃষি উপকরণ সহজলভ্য করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।