প্রতিদিনের প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও দৈনিক যুগধারা পত্রিকার সাংবাদিক খাইরুল ইসলাম তালহাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বাসাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। খাইরুল ইসলাম তালহা সাংবাদিকতা ছাড়াও কার্যক্রম নিষিদ্ধ হওয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। তিনি বাসাইল পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।
জানা যায়, দুপুরে অভিযান চালিয়ে বাসাইল থানা পুলিশ বাসস্ট্যান্ড এলাকা থেকে খাইরুল ইসলাম তালহাকে আটক করে। পরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার হাবলা ইউনিয়নের বাঐখোলা এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। বিকেলে টাঙ্গাইল আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এ ব্যাপারে বাসাইল থানার ওসি আলমগীর কবির বলেন, গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।