প্রতিদিন প্রতিবেদক, বাসাইল : টাঙ্গাইলের বাসাইলে এক কৃষককে হত্যার ঘটনায় করা মামলার আসামি লাবু মিয়া (৭৫)কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার মধ্যরাতে টাঙ্গাইল শহর থেকে র্যাব-১৪ তাকে গ্রেফতার করে। সোমবার দুপুরে বাসাইল থানা পুলিশের মাধ্যমে তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়।
গ্রেফতারকৃত লাবু মিয়া ওরফে লেবু মেলেটারী উপজেলার কলিয়া সিকদারবাড়ি এলাকার বাসিন্দা। এরআগে চলতি বছরের গত ১ ফেব্রুয়ারি সকালে কৃষি জমির আইল কাটাকে কেন্দ্র করে আনছার আলী (৪৩) নামের এক ব্যক্তিকে হামলা চালিয়ে হত্যার অভিযোগ উঠে। মামলার পর থেকে অভিযুক্ত লাবু মিয়া ওরফে লেবু মেলেটারী পলাতক ছিল।
জানা গেছে, চলতি বছরের ১ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে আনছার মিয়া তার বাড়ির পাশের সজ ক্ষেতের আইল কাটছিলেন। খবর পেয়ে লেবু মেলেটারী সেখানে গিয়ে আনছার মিয়াকে গালিগালাজ করে। সেসময় আনছার মিয়ার স্ত্রী এগিয়ে গেলে তাকেও গালিগালাজ করা হয়। কথাকাটাকাটির এক পর্যায়ে আনছার মিয়াকে মারধর করে লেবু মেলেটারী। আনছার মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী জরিনা বেগম বাদি হয়ে ২ ফেব্রুয়ারি লেবু মেলেটারীকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, ‘হত্যা মামলার আসামি লাবু মিয়াকে র্যাব গ্রেফতার করে থানায় হস্তান্তর করে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।’