প্রতিদিন প্রতিবেদক,সখীপুর: গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার চেয়ে মানববন্ধন করেছে সখীপুর প্রেসক্লাবের সাংবাদিকেরা। আজ শনিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা সড়কে অবস্থিত সখীপুর প্রেসক্লাব কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে দৈনিক যুগান্তরের প্রতিনিধি মাসুদ রানা বলেন, সাংবাদিক তুহিনের হত্যা কেবল একজন সাংবাদিকদের কণ্ঠরোধ নয়, বরং এটি গণমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের নিরাপত্তার প্রতি হুমকি। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের ভূমিকা পালন করে, তাদের ওপর হামলা মানে সত্যকে দমিয়ে রাখা এবং পুনরায় স্বৈরাচারী মনোভাব প্রতিষ্ঠার চেষ্টা করা। এই অপরাধের বিচার না হলে সমাজে নৈরাজ্য বাড়বে।
প্রথম আলোর প্রতিনিধি ইকবাল গফুর বলেন, দেশে আজ কারো নিরাপত্তা নেই। সাংবাদিকের সুরক্ষার আইন করতে হবে। সাগর রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার করতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ইত্তেফাকের প্রতিনিধি মামুন হায়দার, প্রেসক্লাবের সহ-সভাপতি আমিনুল ইসলাম, সাইফুল ইসলাম শাফলু, সাবেক সহ-সভাপতি তাইবুর রহমান, মতিউর রহমান, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম বাবুল, আজকের পত্রিকার প্রতিনিধি সাইফুল সানি, দৈনিক সংবাদের প্রতিনিধি জুলহাস গায়েন, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সাংবাদিক মোজাম্মেল হক সজল প্রমুখ।