প্রতিদিন প্রতিবেদক, ভূঞাপুর: বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেন, আমরা অনেক পতন দেখেছি, তবে আওয়ামী লীগের মতো পতন দেখিনি। তারা মানুষের উপর জুলুম-নির্যাতন চালিয়েছে, মানুষের পেটের ভাত কেরে নিয়ে শত শত কোটি টাকা বিদেশে পাচার করেছে, গণতন্ত্র ধ্বংস করেছে, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে তাদের পতন না হলে আমরা কেহ রেহাই পেতাম না, দেশের মানুষ রেহাই পেত না।
মঙ্গলবার (৫ আগস্ট) টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা বিএনপির আয়োজনে ‘জুলাই বিপ্লব দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ছাত্রদল-যুবদলকে হতে হবে জনগণের সেবক। কোনো ধরনের চাঁদাবাজি চলবে না। যদি কেউ এর সঙ্গে জড়িত থাকে, তাহলে দল তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।কাউকে ছাড় দেওয়া হবে না।
সাবেক উপমন্ত্রী আরও বলেন, দেশে আর কোনো ফ্যাসিস্ট সরকারের ঠাঁই হবে না। দেশনেত্রী খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে। দেশের মানুষ আর কোনো আয়না ঘরের মত নির্যাতন তা চায়না। দিনের ভোট রাতে হোক এমন নির্বাচন চায়না, মেনেও নেবে না।
ভূঞাপুর বাসস্ট্যান্ড মুক্তমঞ্চে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলু, সহ-সভাপতি ফরহাদুল ইসলাম শাপলা, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস, সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম খান, ফলদা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হান্নান সরকার, গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হাফিজুর রহমান শাহীন, মনিরুজ্জামান মিন্টুসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনে নেতৃবৃন্দ।
আলোচনা সভার পূর্বে, আব্দুস সালাম পিন্টুর নেতৃত্বে একটি বিশাল র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ‘জুলাই বিপ্লবে’ শহীদ পলাশের কবর জিয়ারত করে তার পরিবারের খোজ খবর নেয় ।
অনুষ্ঠানে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। পুরো অনুষ্ঠানজুড়ে আওয়ামীলীগ সরকারের তীব্র সমালোচনার পতনের আনন্দ-উল্লাস এবং তার পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।