প্রতিদিন প্রতিবেদকঃ টাঙ্গাইল শহরে অবস্থিত ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল সংলগ্ন দীর্ঘদিনের পুরোনো বড় আকারের প্রাণহীন তিনটি গাছ দাড়িয়ে রয়েছে। মৃত তিনটি গাছ রাস্তায় পড়ে গিয়ে যে কোন সময় বড় দূর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।
টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের মালিকানাধীন বৃহৎ এ গাছ তিনটি কেটে ফেলার দাবি জানিয়েছে সাধারণ জনগণ।জানা গেছে, শহরের নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন যোগাযোগ ফিলিং স্টেশনে প্রবেশ দ্বারে সড়কের দুই পাশে তিনটি কড়ই গাছ রয়েছে।
প্রায় ৩০ থেকে ৪০ বছরের পুরোনো এই গাছ গুলো মরে গেছে অনেক আগেই। কিন্তু কর্তৃপক্ষ গাছ গুলো কেটে ফেলার কোন উদ্যোগ গ্রহণ করেন নি। শহরের অন্যতম ব্যস্ত এ সড়কে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ভারী ও হালকা যানবাহন ছাড়াও সাধারন মানুষ যাতায়াত করে থাকে।
গাছ গুলো কখনো ভেঙ্গে পড়লে হতাহতের আশঙ্কা রয়েছে। টাঙ্গাইল বাসস্ট্যান্ডের শ্রমিক নেতৃবৃন্দ এ বিষয়টি নিয়ে বেশ কয়েকবার আলোচনাও করেন।
শ্রমিক নেতা মো: মোতালেব হোসেন জানান, গাছ তিনটি অপসারন না করা হলে যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এর আগেও গাছের একটি শাখা ভেঙ্গে একটি প্রাইভেটকারের উপর পড়ে। এতে একজন আহত হয়।
এ ব্যাপারে টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের নিবার্হী প্রকৌশলী মো: মনিরুজ্জামান বলেন, গাছগুলো দুটি প্রক্রিয়ার মাধ্যমে অপসারন করা সম্ভব। তারমধ্যে নিলামের মাধ্যমে বিক্রি করা অথবা গাছ তিনটি কেটে সড়ক বিভাগের আওতায় নিয়ে আসা।
এ ব্যাপারে অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।