সোহেল রানা: টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার ক্লুলেস প্রবাসী ফিরোজ আল মামুন (৪৬) হত্যা মামলার আসামী জামিল ওরফে সোনা মিয়া (৪৩) কে গ্রেফতার করেছে টাঙ্গাইল র্যাব। মঙ্গলবার (২২ জুলাই) রাতে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন মুচিরচালা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
টাঙ্গাইল সিপিসি-৩, র্যাব-১৪ কোম্পানির সিনিয়র সহকারী পরিচালক অধিনায়কের পক্ষে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। টাঙ্গাইল র্যাব-১৪ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে লিখিত বক্তব্যে বলেন, টাঙ্গাইল র্যাব-১৪ কোম্পানির আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ২২ জুলাই রাত অনুমান ২০:৩০ ঘটিকায় টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন মুচিরচালা এলাকায় অভিযান পরিচালনা করে টাঙ্গাইল মির্জাপুর থানার ক্লুলেস ফিরোজ আল মামুন (৪৬) হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামী জামিল ওরফে সোনা মিয়া (৬০)কে মামলা রুজুর ১২ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, নিহত ফিরোজ আল মামুন (৪৬) দীর্ঘদিন যাবত মালয়েশিয়া প্রবাসী ছিলেন। গত ০৯ মার্চ সে মালয়েশিয়া থেকে একেবারে বাংলাদেশে চলে আসে এবং গাড়ী ব্যবসা করার জন্য চেষ্টা করতে থাকে। বিদেশ থেকে আসার পর তার মাকে নিয়ে বাড়ীতে বসবাস করছিল। গত ২১ জুলাই রাতে প্রবাসী ফিরোজ আল মামুন (৪৬) তার মা সহ রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়ে। পরের দিন ২২ জুলাই সকালে মির্জাপুর থানাধীন তরফপুর ইউনিয়নের তরফপুর (মাটিয়াঘারা) সাকিনস্থ জনৈক আহসান মুন্সি এর কৃষি জমির আইলের উপর অজ্ঞাতনামা আসামীরা নিহত ফিরোজ আল মামুন (৪৬)কে হত্যা করে ফেলে রেখে যায়। উক্ত ঘটনায় নিহতের ভগ্নীপতি এ, বি, এস, ফরহাদ মোল্লা (৬১) বাদী হয়ে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-৩২, তারিখ-২২/০৭/২৫, ধারা: ৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০।