এরশাদুল ইসলাম: লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার আবু সামা (৬০) হত্যা মামলার ০৩নং আসামি তুহিন (২০) কে টাঙ্গাইল থেকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (২২ জুলাই) রাতে টাঙ্গাইল জেলার কালিহাতী থানাধীন মুন্সিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। টাঙ্গাইল সিপিসি-৩, র্যাব-১৪ কোম্পানির সিনিয়র সহকারী পরিচালক অধিনায়কের পক্ষে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
টাঙ্গাইল র্যাব-১৪ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে লিখিত বক্তব্যে বলেন, মামলা রুজুর পর তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে টাঙ্গাইল র্যাব-১৪ ও রংপুর র্যাব-১৩ এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২২ জুলাই রাত অনুমান ১১:১০ ঘটিকায় টাঙ্গাইল জেলার কালিহাতী থানাধীন মুন্সিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার আবু সামা (৬০) হত্যা মামলার এজাহারনামীয় ৩নং আসামী মোঃ তুহিন (২০) কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ঠ থানার মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, নিহত আবু সামা (৬০) এর ছেলে অত্র মামলার বাদী রুবেল হোসেন বাদল (৪১) গত ২৬ জুন ২০২৫ খ্রি. বিকাল অনুমান ০৩:০০ ঘটিকায় তার জমি চাষ করার জন্য ট্রাক্টর নিয়ে যাওয়ার সময় ১নং আসামী হাসেম আলী (৪২) এর জমির আইল ভেঙ্গে যায়। উক্ত ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে ঝগড়া বিবাদ হয়। এরই জের ধরে পরের দিন ২৭ জুন ২০২৫ খ্রি. সকাল অনুমান ১১:৪৫ ঘটিকায় মামলার বাদী মোঃ রুবেল হোসেন (বাদল) (৪১), তার পিতা নিহত আবু সামা (৬০) ও বাদীর ছোট ছেলেসহ স্থানীয় সানিয়াজান বাজার হতে বাড়ি ফেরার পথে ১নং আসামী হাসেম আলীর বাড়ির সামনে পাকা রাস্তার উপর পৌঁছালে বিবাদীগণ পূর্ব শক্রতার জেরে দেশীয় অস্ত্র দিয়ে নিহত আবু সামা (৬০) সহ বাদী ও বাদীর ছেলেকে মারপিঠ করে গুরুতর রক্তাক্ত জখম করে। পরবর্তীতে, স্থানীয়রা আবু সামা (৬০)সহ আহতদেরকে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবু সামা (৬০)কে মৃত ঘোষনা করে। উক্ত ঘটনায় নিহতের ছেলে মোঃ রুবেল হোসেন (বাদল) (৪১) বাদী হয়ে লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন যার মামলা নং-৪২, তারিখ-২৭/০৬/২০২৫খ্রি., ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩০২/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড-১৮৬০।