সোহেল রানা: টাঙ্গাইলের নাগরপুরে দুটি সীসা কারখানার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে নাগরপুর উপজেলার বীর সলিল (এলাসিন ব্রিজ সংলগ্ন) ও সহবতপুর নামক স্থানে নাগরপুর উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরে যৌথ উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক সঞ্জীব কুমার ঘোষ এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানান, বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে নাগরপুর উপজেলা প্রশাসন ও টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তর -এর যৌথ উদ্যোগে সহকারী কমিশনার (ভূমি) জনাব দীপ ভৌমিক- এর নেতৃত্বে নাগরপুর উপজেলার বীর সলিল (এলাসিন ব্রিজ সংলগ্ন) ও সহবতপুর নামক স্থানে পুরাতন ব্যাটারী হতে সীসা উৎপাদনকারী ০২ (দুটি) কারখানার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় ভোকু দিয়ে একটি কারখানা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং অন্য কারখানার তালাবদ্ধ করে বন্ধ করে দেওয়া হয়েছে।
এসময় বাংলাদেশ সেনাবাহিনীর মেজর মোঃ মাসুদ এবং পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর উপস্থিত ছিলেন। উক্ত উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনায় বাংলাদেশ সেনাবাহিনীর টীম উপস্থিত থেকে সার্বিকভাবে সহযোগিতা করেন। পরিবেশ সুরক্ষায় টাঙ্গাইল জেলার অবৈধ কারখানার বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।