প্রতিদিন প্রতিবেদত মধুপুর: টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলে ডলার কেনাবেচার প্রলোভন দেখিয়ে প্রতারণা ও ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়েরের পর এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ওই সদস্য শুক্রবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। দীর্ঘদিন ধরে বনাঞ্চলে সক্রিয় এই চক্রের প্রতারণার কৌশল এবার প্রকাশ্যে এসেছে।
মামলার চার দিন পর গত শুক্রবার (২১ নভেম্বর) মধুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরে পুলিশ অরনখোলা ইউনিয়নের ভুটিয়া এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের সদস্য আমিনুল ইসলাম (সোহরাব)কে আটক করে আদালতে হাজির করে। পরে তিনি ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
প্রতারিত ভুক্তভোগী রুবেল পাইক, পিরোজপুরের কাউখালীর গোপালপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি গাজীপুরের পুলিশ লাইন সংলগ্ন এলাকায় থাকেন।
তিনি জানান, গত ১৭ নভেম্বর তিনি পাবনার আতাইকুলা উপজেলার গয়েশবাড়ী গ্রামের মুশফিকুর ও শফিকুরকে সঙ্গে নিয়ে মধুপুর বনাঞ্চলে আসেন। তাদের প্রতি ডলার ২০ টাকায় বিক্রি করার লোভ দেখানো হয়।
মামলা সূত্রে জানা যায়, ময়মনসিংহের মুক্তাগাছার আব্দুর রহিমের ছেলে জুলহাসের আহ্বানে রুবেলরা মধুপুরের ভুটিয়া এলাকায় পৌঁছালে প্রতারকচক্র তাদের ঘিরে ফেলে। চক্রের সদস্য আমিনুল ইসলাম (সোহরাব), সহোদর আব্দুল হালিম, কল্পনা, বানারপাড়ার মোস্তফাসহ আরও কয়েকজন মিলে তাদের কাছ থেকে ১৫ লাখ ২৫ হাজার টাকা এবং রুবেলসহ তিনজনের ৬টি অ্যান্ড্রয়েড ফোন ছিনিয়ে নেয়।
ঘটনার পর রুবেল পাইক মধুপুর থানায় মামলা করলে পুলিশ দ্রুত অভিযান শুরু করে। ওসি (তদন্ত) রাসেল আহমেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে সোহরাবকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম জানান, বনাঞ্চল এলাকায় দীর্ঘদিন ধরে ডলার বেচাকেনার নামে একটি সংঘবদ্ধ চক্র প্রতারণা চালিয়ে আসছিল। আমরা চক্রটির কয়েকজনকে শনাক্ত করেছি, বাকি সদস্যদেরও আইনের আওতায় আনা হবে।
স্থানীয়দের ভাষ্যমতে, মধুপুর বনাঞ্চল বহুদিন ধরেই ডলার প্রতারণার হটস্পটে পরিণত হয়েছে। বড় অঙ্কের টাকা খোয়া যাওয়া সত্ত্বেও লজ্জা, ঝামেলা ও আইনগত বিব্রতবোধের কারণে অনেক ভুক্তভোগী অভিযোগ করেন না। ফলে চক্রটি আরও বেপরোয়া হয়ে ওঠে।
পুলিশ জানায়, বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।