প্রতিদিন প্রতিবেদন, বাসাইল : টাঙ্গাইলের বাসাইল থানা পুলিশ গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিসহ সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি আভিযানিক দল বাসাইল রাজনৈতিক মোড় এলাকায় অভিযান চালায়। এসময় পারভেজ মিয়ার মুদি দোকানের সামনে থেকে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- বাসাইল পূর্বপাড়ার মৃত আব্দুল আজিজ মিয়ার ছেলে আবদুল সালাম (৩৫) এবং কাঞ্চনপুর ইউনিয়নের ছনকাপাড়া এলাকার মাসুদ মিয়ার ছেলে মাহিম মিয়া (১৯)।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
পৃথক আরেকটি অভিযানে লাভলু ছিদ্দিক মিয়া নামের এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকেও আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এলাকায় অপরাধ দমন ও মাদক নির্মূলে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।