প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় রবিউল ইসলাম তালুকদার (৪০) এক গার্মেন্টসকর্মী নিহত হয়েছেন। সোমবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার গোড়াই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম তালুকদার লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার পূর্ব নওদাবাস গ্রামের আবুল কাশেম তালুকদারের ছেলে। তিনি মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের কমফিট কম্পোজিট নীট লি. কোম্পানিতে ইকোভিলে ভবনের ৫ম তলায় কোয়ালিটি সুপারভাইজার হিসেবে কাজ করতেন।
নিহত রবিউল ইসলামের সহকর্মী সুপারভাইজার শামীম হোসেন বলেন, রবিউল চাকরির সুবাদে পরিবার নিয়ে গোড়াই ইউনিয়নের সোহাগপুর এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন। প্রতিদিনের ন্যায় দুপুরে বিরতি পেয়ে মোটরসাইকেলযোগে বাসায় খাবার খেতে যান। খাবার খেয়ে কর্মস্থলে ফেরার পথে ঢাকামুখী একটি ইটবোঝাই ট্রাক ওইস্থানে তাকে চাপা দিলে গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে গোড়াই হাইওয়ে থানার ওসি সোহেল সারওয়ার বলেন, ঘাতক ট্রাক জব্দ করা হয়েছে। নিহতের লাশ আইনী প্রক্রিয়া শেষে স্বজনের নিকট হস্তান্তর করা হয়েছে।