চাঁদাবাজির মামলায় নারী ইউপি সদস্য রিমান্ডে

  • আপডেট : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ৩৬১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার কল্পনা আক্তার জয়ন্তী নামের এক নারী ইউপি সদস্যের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২ নভেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শামসুল আলম রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়।

কল্পনা আক্তার জয়ন্তী জয়ন্তী সদর উপজেলার বাঘিল ইউনিয়নের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত আসনের ইউপি সদস্য।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ৫ অক্টোবর বাঘিল ইউনিয়নের ফৈলার ঘোনা গ্রামের মজনু মিয়ার বিরুদ্ধে সাবেক স্ত্রীকে নির্যাতনের অভিযোগে সদর থানায় মামলা করা হয়। সেই মামলা নিষ্পত্তি ও মজনু মিয়ার রিমান্ড মওকুফের জন্য নারী ইউপি সদস্য কল্পনা আক্তার জয়ন্তী মজনুর পরিবারের কাছে তিন লাখ টাকা দাবি করেন। এক লাখ টাকা পরিশোধ করলেও বাকি দুই লাখ টাকার জন্য মজনুর পরিবারকে চাপ দেন কল্পনা। পরে চাঁদাবাজির অভিযোগে মজনুর মা মর্জিনা বেগম বাদী হয়ে সদর থানায় নারী ইউপি সদস্য কল্পনা আক্তার জয়ন্তী ও তার ছেলে মো. জনি মিয়ার বিরুদ্ধে মামলা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, ‘কল্পনা আক্তার জয়ন্তীর সাত দিনের রিমান্ড আবেদন করা হলেও বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তার ছেলে জনি মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme