প্রতিদিনের প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের আলাদা দুটি আসন থেকে আপন দুই ভাই সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। টাঙ্গাইলের ৮ টি আসনের বেসরকারি ফলাফলে তারা নির্বাচিত হয়। তারা হলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসন থেকে বিএনপি’র ভাইস চেয়ারম্যান আবদুস সালাম পিন্টু এবং তাঁর ছোট ভাই টাঙ্গাইল-৫ (সদর) আসন থেকে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
আবদুস সালাম পিন্টু এর আগে আগে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়া তিনি উপমন্ত্রীও ছিলেন। সুলতান সালাউদ্দিন টুকু এই প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হলেন।
বিএনপি নেতারা জানিয়েছেন, এই দুই ভাই ছাড়া এক পরিবার থেকে আর একাধিক সংসদ সদস্য নির্বাচিত হননি।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আবদুস সালাম পিন্টু জেলার ৮টি আসনের ৪৭ জন প্রার্থীর মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছেন। একই সঙ্গে তিনি সর্বোচ্চ ব্যবধানে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৯৮ হাজার ২১৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দি¦ জামায়াতে ইসলামীর প্রার্থী হুমায়ুন কবীর পেয়েছেন ৬০ হাজার ৮৭১ ভোট।
অপরদিকে সুলতান সালাউদ্দিন ১ লাখ ৩১ হাজার ২৭৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দি¦ জামায়াতের আহসান হাবিব মাসুদ পেয়েছেন ৮০ হাজার ৮২৩ জন।
আব্দুস ছালাম পিন্টু ২০০৮ সালের জানুয়ারিতে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময় এই মামলায় তাঁর মৃত্যুদণ্ড হয়। দীর্ঘ ১৭ বছর কারাভোগের পর ২০২৪ সালের ২৪ ডিসেম্বর উচ্চ আদালত থেকে তিনি এ মামলায় খালাস পান।
অপরদিকে সুলতানা সালাউদ্দিন টুকু একাধিক মামলার আসামী হয়ে কারাভোগ করেছেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, এ বিজয় টাঙ্গাইলবাসীর। আমি আমার প্রতিশ্রুতি গুলো বাস্তবায়ন করবো। সকলে মিলে আমরা কাজ করতে চাই।